কুড়িগ্রামের হাফেজ শাহাজুল ইসলামের ইন্তেকাল

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বাসিন্দা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম (পেশ ইমাম) ও দীর্ঘ ৩০ বছর ধরে একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনকারী হাফেজ মুহাম্মদ শাহাজুল ইসলাম আর নেই।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘ তিন দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মুয়াজ্জিন ও সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ শাহাজুল ইসলাম। তাঁর সুমধুর কণ্ঠের আজান ও কিরাআত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে দীর্ঘদিন ধরে মুসল্লিদের হৃদয় ছুঁয়ে গেছে।

জানা যায়, চলতি বছরের শেষদিকে তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। অবসর শেষে স্থায়ীভাবে নিজ জন্মভূমি ভিতরবন্দে ফিরে আসার পরিকল্পনাও ছিল তাঁর। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

তাঁর মৃত্যুতে স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দীর্ঘদিনের কর্মজীবন ও সুমধুর আজান-কিরাআতের স্মৃতিচারণ করে অনেকে শোক প্রকাশ করছেন।

এদিকে মরহুম হাফেজ মুহাম্মদ শাহাজুল ইসলামের নামাজে জানাজা আজ শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় ভিতরবন্দ ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Share With