কুড়িগ্রামে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে। সোমবার(২২ জুন) সকালে কুড়িগ্রাম শহরের একটি হোটেলে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত এক অ্যাডভোকেসি ডায়লগে এই আহবান জানানো হয়।

এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও উন্নয়নকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতন শুধু আইনি নয়, এটি একটি সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, নারী ও কন্যাশিশুর সুরক্ষা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। নারীর প্রতি সহিংসতা কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এ অন্ধকার দূর করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, উপজেলা প্রশাসন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভুক্তভোগীরা যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পান, সে জন্য সরকারি হেল্পলাইন নম্বর ১০৯, ৯৯৯ ও ১০৯৮ সম্পর্কে আরও ব্যাপক প্রচার চালানো হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান।

ডায়লগে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী, কাজি এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Share With