কুড়িগ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) মানবতার সেবায় কাজ করা সংগঠন রক্ত চাহিদা–এর উদ্যোগে রাজারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও রাজারহাট জাওহারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় এবং সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের গুরুত্ব, সচেতনতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, ফরহাদ ইসলাম পলাশ, রফিকুল ইসলাম, নুর আলম, রাজু আহমেদ ও আনোয়ার হোসেনসহ সংগঠনের দায়িত্বশীল সদস্যরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা। তিনি বলেন, রক্তদানের মতো মানবিক কাজে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। নিজের রক্তের গ্রুপ জানা এবং অন্যকে সহায়তায় এগিয়ে আসা সবার দায়িত্ব।

এছাড়া দুই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং আয়োজনটিকে সফল করতে সহযোগিতা করেন।

Share With