কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজি ও কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দৈনন্দিন বাজার।
বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজি আগের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হলেও বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও তাদের উচ্চ দামে বিক্রি করতে হচ্ছে। বর্তমান বাজারদরে ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, করলা ১০০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৩০ টাকা বিক্রি হচ্ছে।
এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, যার কেজিপ্রতি দাম পৌঁছেছে ২৪০ টাকায়। তবে আলুর দাম এখনও তুলনামূলকভাবে স্বস্তিদায়ক, কেজিপ্রতি ২০ টাকা। বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে মরিচের গাছে মড়ক দেখা দেয়, এতে উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
অন্যদিকে, হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো বিপাকে পড়েছে। অনেক ক্রেতাই ক্ষোভ প্রকাশ করে জানান, সীমিত আয়ে এভাবে বাজার করা তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে।খুচরা বিক্রেতাদের অভিযোগ, মূলত পাইকারি বাজারে দাম বেশি থাকায় তারা বাধ্য হচ্ছেন উচ্চ দামে সবজি বিক্রি করতে। তাদের দাবি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের বাড়তি নজরদারি প্রয়োজন।