ফুলবাড়ীতে ২,৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,৩৬৮ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—নাটোর জেলার লালপুর থানার ধানাইদহ এলাকার মো. শাহ আলম (৪০) এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার নতুন রূপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২,৩৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি ওসি মো. বজলার রহমান জানান, “মাদক নির্মূলের লক্ষ্যে আমাদের এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। জেলার প্রতিটি থানা এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ।”

জেলার সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Share With

One thought on “ফুলবাড়ীতে ২,৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার”

Comments are closed.