বৈশ্বিক উষ্ণতা রোধ, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ এর আওতায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।
শনিবার (১৩ জুন) কুড়িগ্রাম সরকারি কলেজের আশপাশের এলাকায় এই চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং কুড়িগ্রাম জেলা সভাপতি মো: মোশাররফ হোসেনের পরিচালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় শিবিরের দায়িত্বশীল ও সাধারণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান
অনুষ্ঠানের সভাপতি কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের জন্য দেশবাসী ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন:
“শিক্ষার্থীদের শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, পাশাপাশি সেগুলোর যথাযথ যত্নও নিতে হবে। বৃক্ষরোপণ শুধু গাছ লাগানো নয়, এটি ইসলামে ‘সাদকায়ে যারিয়াহ’ হিসেবে গণ্য, যা থেকে মানুষ, পশু-পাখি ও প্রকৃতি অনবদ্য উপকার পেয়ে থাকে। সমাজের সকল ভালো কাজে শিক্ষার্থীদেরই সবার আগে এগিয়ে আসা উচিত।”
‘গাছ শুধু অক্সিজেন নয়, সচেতনতা ও পরিবর্তনের বার্তা’
বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য সম্পর্কে জেলা সভাপতি মোশাররফ হোসেন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং সমাজের বুকে একটি বিশেষ বার্তা পৌঁছে দেওয়া।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা রোধ এবং জলবায়ু বিপর্যয়ের হাত থেকে প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে হলে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের আগামী প্রজন্মের জন্য ভাবতে হবে। আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের মুখে। তাই প্রতিটি উদ্যোগে দায়িত্ব, সচেতনতা আর ভবিষ্যতের প্রতি মমত্ববোধ যুক্ত করলেই তা অর্থবহ হবে।
তিনি আরও যোগ করেন, “যেখানে গাছ শুধু অক্সিজেন নয়, সচেতনতা, দায়িত্ববোধ আর পরিবর্তনের বার্তা বহন করে। প্রতি বছর অনেকেই গাছ লাগায়, কিন্তু আমরা চাই, এই গাছগুলো যেন আমাদের প্রতিজ্ঞার প্রতীক হয়। আমরা সমাজের, দেশের এবং পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।”
কর্মসূচি শেষে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।