এইচএসসি ২০২৫ পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে কুড়িগ্রাম জেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজের তিন মেধাবী শিক্ষার্থী।
জেলায় প্রথম হয়েছেন শাহরিয়ার রহমান নাহিদ। তিনি দিনাজপুর শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে ৭ম স্থান অধিকার করেছেন।
জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন লামিম ইসলাম, যার বোর্ডে অবস্থান ৮ম।
জেলায় তৃতীয় হয়েছেন তৌসিফ আহমেদ এবং তার বোর্ডে মেধা তালিকায় অবস্থান ৯ম।
এ সাফল্যে কলেজজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন তৃণমূলকে জানান,
“এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। কুড়িগ্রামবাসীর জন্যও নিঃসন্দেহে গৌরবের বিষয়। এ অর্জন দীর্ঘদিনের ধারাবাহিক শিক্ষা ও প্রশিক্ষণের ফল। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানকে দেশে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।”
তিনি আরও বলেন,
“আমাদের কলেজের শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক, স্নাতক, মাস্টার্সসহ বিভিন্ন স্তরে সর্বোচ্চ ফল অর্জন করছে। পাশাপাশি মেডিকেল, বুয়েট, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরিক্ষেত্রেও সাফল্য বাড়ছে। আমরা আশা করছি, এবারও বেশ সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তিতে সুযোগ পাবে।”
শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের শুভেচ্ছায় এখন উচ্ছ্বসিত মানবিক বিভাগের এ তিন শিক্ষার্থী। তাদের এ অর্জন কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।