কুড়িগ্রামের রিভার ভিউ হাই স্কুল মাঠে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। শিখো ও প্রথম আলো যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে বৈরী আবহাওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপাচার্য অধ্যাপক ড. রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“আজকের এই সম্মান কেবল তোমাদের নয়, তোমাদের বাবা-মা, শিক্ষক ও পুরো সমাজের গর্ব। জিপিএ-৫ প্রমাণ করেছে তোমাদের নিষ্ঠা ও পরিশ্রমের মূল্য। তবে মনে রাখতে হবে, এটি কেবল শুরু। সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তোমাদের হতে হবে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর।”
তিনি আয়োজক প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবছর এমন আয়োজন তরুণ প্রজন্মকে নতুন করে স্বপ্ন দেখায় এবং সমাজকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিবিসির ২০২৪ সালের ১০০ নারী তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি রিকতা আখতার, গ্রাম পাঠাগার আন্দোলনের উদ্যোক্তা জয়নাল আবেদীন, পিভিসি পাইপ দিয়ে টেলিস্কোপ তৈরি করা খুদে বিজ্ঞানী ফারাবী, কুড়িগ্রাম জেলার সেরা পাঠক সামিউল হক নান্টু এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক সাহাব উদ্দিন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের বার্তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে।