কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রতিভা বিকাশে শিক্ষা বৃত্তি, সনদপত্র ও অর্থ প্রদান করেছে ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) নামের একটি সামাজিক সংগঠন।
রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬ জন স্কুল শিক্ষার্থীকে বৃত্তি, সনদপত্র ও অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) রিমা আক্তারের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলেনুর বেগম, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নতুনকুঁড়ি জুনিয়র স্কুলের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান রাজু সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এ স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে।
সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে, যাতে তারা আরও মনোযোগী হয়ে পড়াশোনা করতে পারে।”