কুড়িগ্রামে মাদক সেবনের অভিযোগে মাদরাসা শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রকে মাদক সেবনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় মাদরাসার শ্রেণিকক্ষের নোটিশ বহিতে লিখিতভাবে বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত ও ওই শিক্ষার্থীর নাম মো. আবু সায়েদ। সে উপজেলার বড়লই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। মাদরাসার শ্রেণিকক্ষের নোটিশ বহিতে থাকা লিখিত তথ্য অনুযায়ী, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ আলোচনা করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

নোটিশ বহিতে মাদক সেবনের অভিযোগের পাশাপাশি শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কথাও উল্লেখ রয়েছে। এতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্তৃপক্ষের স্বাক্ষর রয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীটির সহপাঠীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে মাদ্রাসা সুপার নুরুল ইসলাম সরকার জানান, মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স জারি আছে। মাদকের সাথে সম্পৃক্ত কেউ থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে যে নীতি-নৈতিকতা ও আদর্শ থাকা কথা সেটা তার মধ্যে নাই। তাই তাকে আমাদের মাদ্রাসা কমিটির সিদ্ধান্ত মতে বহিষ্কার করেছি।

তবে মাদক সেবনের অভিযোগের বিষয়ে ওই শিক্ষার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share With