কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. মোছা নূর মহল আখতার বানু

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নূর মহল আখতার বানু নিয়োগ পেয়েছেন।  

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১- এর ১২(১) ধারা অনুযায়ী ড. নূর মহল আখতার বানুকে

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপ-উপাচার্য হিসেবে তার এই নিয়োগের মেয়াদকাল যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর মধ্যে তার স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তিনি স্বীয় পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক হিসেবে অত্যন্ত সুপরিচিত ও স্বনামধন্য এই শিক্ষাবিদ সর্বশেষ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনেও সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন।

Share With