জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তৃতীয় বর্ষের অযৌক্তিক ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রাম সরকারি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবি জানান।
এসময় শিক্ষার্থী সাজ্জাদ বলেন, এই অযৌক্তিক ফি শুধু বৃদ্ধি নয়, এটি আমাদের মৌলিক অধিকার—শিক্ষার উপর আঘাত। কুড়িগ্রাম একটি অবহেলিত ও দারিদ্র্যপ্রবণ অঞ্চল। এখানকার শিক্ষার্থীদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
‘শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষা অধিকার’— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অন্যান্য শিক্ষার্থীরাও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফি বৃদ্ধি অযৌক্তিক ও অমানবিক।
তারা বলেন, শিক্ষা হলো মৌলিক অধিকার; কিন্তু ফরম ফি ও অন্যান্য খরচ বৃদ্ধি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর অযথা আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
মানববন্ধন শেষে কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ,মীর্জা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, কুড়িগ্রাম দেশের অন্যতম দারিদ্র্যপীড়িত অথচ মেধাবী অঞ্চল। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সহানুভূতিশীল হবে বলে আমি আশা করি। তিনি আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম বৃদ্ধির বিষয়েও উদ্যোগ নিবে বলে আশা রাখছি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধ, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির দাবি জানান।