কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কেএগ্রিইউ) র্যাগিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাগিং একটি গুরুতর সামাজিক অপরাধ, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর মানসিক ভারসাম্যহীনতা ও মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো ধরনের র্যাগিং করা যাবে না। কেউ র্যাগিংয়ে জড়িত হলে বা অন্যকে এতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
এ প্রসঙ্গে সহকারি প্রক্টর ড. এ আর এম মাহবুবার রহমান বলেন, “সিনিয়র-জুনিয়র ভ্রাতৃত্ব গড়ি, র্যাগিং সংস্কৃতি চিরতরে মুছি—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
বিজ্ঞপ্তিটি ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও ই-মেইল মারফত প্রকাশ করা হয়।