আবারও জাতীয় ফুটবল দলে ডাক পেলেন কুড়িগ্রামের ডিফেন্ডার মেহেদী মিঠু

নেপালের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই সফরের জন্য ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ফুটবলার মেহেদী হাসান মিঠু।

ভুরুঙ্গামারী উপজেলা শহরের বজলার রহমানের দুই সন্তানের মধ্যে বড় মেহেদী। বাবার দর্জির ব্যবসা আর একমাত্র বোনের বিয়ের পর বাবা-মাকে নিয়েই চলছে তাদের সংসার। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ভালোবাসা মিঠুকে পৌঁছে দিয়েছে জাতীয় দলের জার্সি পর্যন্ত।

২০১২ সালে দ্বিতীয় বিভাগের দল কারওয়ান বাজার প্রগতি সংঘের জার্সিতে ঢাকার ফুটবলে অভিষেক হয় তার। এর এক বছর পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিনি। সেনাবাহিনীর হয়ে ২০১৮ সালের আন্তঃবাহিনী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। একই বছরে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে তার।

জাতীয় দলে এর আগেও সুযোগ পেয়েছিলেন মিঠু। তবে অনেকদিন পর ফের ডাক পেলেন লাল-সবুজের জার্সিতে। গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দীর্ঘ প্রতীক্ষার পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ডিফেন্ডার। ধারাবাহিকতার অংশ হিসেবে নতুন মৌসুমেও মোহামেডানের হয়ে খেলছেন তিনি। যদিও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় চলে যাওয়ায় ক্লাব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তবু নিজের সর্বোচ্চ দিয়ে দলকে ভালো ফলাফল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিঠু।

১৯৯৪ সালের অক্টোবরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জন্ম নেওয়া মেহেদী হাসান মিঠু বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। বহুমুখী খেলোয়াড় হিসেবে সেন্টার-ব্যাক, রাইট-ব্যাক ও লেফট-ব্যাক—তিনটি পজিশনেই খেলতে সক্ষম তিনি। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার ক্যারিয়ারে কাওরান বাজার পিএস, টিএন্ডটি ক্লাব মোতিজিল, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ, বসুন্ধরা কিংসসহ একাধিক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেওয়ার পর ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ জয়ে তিনি রাখেন উল্লেখযোগ্য অবদান।

নেপালে আসন্ন প্রীতি ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের রক্ষণভাগে নির্ভরযোগ্য ভরসা হতে পারেন কুড়িগ্রামের এই ফুটবলার।

Share With

One thought on “আবারও জাতীয় ফুটবল দলে ডাক পেলেন কুড়িগ্রামের ডিফেন্ডার মেহেদী মিঠু”

Comments are closed.