ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে চিলমারী রমনা ঘাটে জেলা প্রশাসনের টহল জোরদার

ঈদুল ফিতরকে সামনে রেখে নদনদীময় কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চিলমারী উপজেলার রমনা ঘাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং দ্রুত পারাপার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)-এর যৌথ উদ্যোগে মোট ২৬টি নৌকা যাত্রীসেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা, ভাড়া নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার (২০ মার্চ) জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী সরেজমিনে উপস্থিত থেকে টহল কার্যক্রম পরিচালনা করেন। তিনি নৌযানগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় চিলমারী থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বিআইডাব্লিউটিএ চিলমারীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) শেখ মাহবুবে সোবহানী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রমনা ঘাটসহ জেলার গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি নিরাপদ ভ্রমণের স্বার্থে যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Share With