“কুরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত পরিবর্তন চাই” প্রতিপাদ্যকে সমানে রেখে আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাঁচপীর থানা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উলিপুর উত্তর সাংগঠনিক থানা শাখার ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ আব্দুর রশীদ, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল শাফী এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মনির হোসাইনের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাঈফ মুহাম্মদ শাহ আলম। তিনি বলেন, পৃথিবীর সৃষ্টি থেকে ছাত্র-যুবকদের নেতৃত্বে যেমন সকল বিপ্লব সংগঠিত হয়েছে, তেমন আমাদেরও সামগ্রিক বিপ্লব সংগঠিত করতে আমরণ কাজ করে যেতে হবে। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম ও ইসলামপন্থীদের সবখানে বিজয়ী করতে আমাদের সর্বোচ্চ ত্যাগ প্রয়োগ করতে হবে। ইসলামপন্থীদের ঐক্য ব্যতীত বিপ্লব সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামানার ওহুদ ও বদর যুদ্ধে আল্লাহ তায়ালা ফেরেশতা পাঠিয়েছিলেন। এখনও সেই ফেরেশতাগুলো আল্লাহ তায়ালার আদেশে ইসলামপন্থীদের বিপ্লবী কাজে সাহায্য করে আসছেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উত্তর থানা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উলিপুর উত্তর সাংগঠনিক থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সামিউল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উলিপুর উত্তর সাংগঠনিক থানা শাখার সদ্য সাবেক সভাপতি আবু নাঈম প্রমুখ।
অনুষ্ঠানের সমাপ্তিতে ইসলামের বিজয় ও সকলের কল্যাণ কামনায় দোয়া করা হয়।