কুড়িগ্রামের উলিপুর উন্নয়ন ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উলিপুর বণিক সমিতির হলরুমে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যারিস্টার সালেহী “সমৃদ্ধ উলিপুর” গড়তে তার ১০ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনাগুলো হলো— ফাইভ জিরো প্রকল্পের উলিপুর, শিক্ষিত ও দক্ষ উলিপুর, কর্মসংস্থান সমৃদ্ধ উলিপুর, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের উলিপুর, আধুনিক যোগাযোগ ও পর্যটনের উলিপুর, স্বাস্থ্যকর ও সুরক্ষিত উলিপুর, স্মার্ট কৃষি ও সমৃদ্ধ বাজার অর্থনীতির উলিপুর, স্বনির্ভর চর ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উলিপুর, সুশাসন ও স্বচ্ছতার উলিপুর এবং নিরাপদ ও সহিংসতামুক্ত উলিপুর।
তিনি জানান, নির্বাচিত হোন বা না হোন, ব্যক্তিগত উদ্যোগে এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন। “নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের কুড়িগ্রাম-৩ আসনকে সাজাতে হবে,” মন্তব্য করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উলিপুর উপজেলা আমির মাওলানা মশিউর রহমান, পৌর আমির কামাল কবির লিটন, জেলা জামায়াতের সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, প্রভাষক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম ও উন্নয়ন ফোরামের শফিকুল ইসলাম।
এ সময় উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী, সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্তসহ ২৫ জন স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।