কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উপজেলার ১০টি মসজিদের উন্নয়নের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি অনুদানের চিঠি আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন।
রোববার (৯ আগস্ট) উলিপুর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদানের চিঠি তুলে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার ১০টি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য সরকারি এ অনুদান দেওয়া হয়েছে। এতে প্রতিটি মসজিদ ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা অনুদান পাবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারি এ অনুদানের মাধ্যমে মসজিদগুলোর প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চান তিনি। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।