কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪২) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর ডক্টরস ক্লিনিক সংলগ্ন কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা তেলীপাড়া এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন অটোযাত্রী রুহুল আমিন, শিউলী বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নুর আমিন নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত শিউলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।