কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিন তরুণীর একটি সংক্ষিপ্ত ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে তারা আরেকটি ভিডিও প্রকাশ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
স্থানীয় ও অনলাইন সূত্রে জানা যায়, মজার ছলে রিলসের জন্য প্রায় ১২ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ওই তিন তরুণী। ভিডিওটি উলিপুরের ১০ তলা বিশিষ্ট “অরণ্য রুপটপ রেস্টুরেন্ট” নামে পরিচিত একটি রেস্টুরেন্টেের ছাদের উপরে ধারণ করা হয়। এতে তারা জনপ্রিয় ‘নাগিন’ গানের বাজনার তালে নৃত্য দেন।
ভিডিওটি প্রকাশের পরপরই তা বিভিন্ন ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
সমালোচনার পরিপ্রেক্ষিতে ওই তরুণীরা পুনরায় একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তারা জানান, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে তাদের এই কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।