কুড়িগ্রামে পুকুরে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে জান্নাত আক্তার (দেড়) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত আক্তার ওই এলাকার আখের আলীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জান্নাত বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একসময় প্রতিবেশীরা বাড়ি-সংলগ্ন পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Share With