কচাকাটাকে উপজেলা করার দাবি, স্থানীয় সরকার মন্ত্রীকে এমপির চিঠি

কুড়িগ্রাম-১ আসনের কচাকাটা প্রশাসনিক থানাকে উপজেলায় উন্নীত করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীকে লিখিতভাবে চিঠি দিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) দেওয়া ওই চিঠিতে বলা হয়, কচাকাটা প্রশাসনিক থানা ২০০৩ সালে পাঁচটি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ এলাকায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। জনবহুল ও সীমান্তবর্তী এ এলাকায় বিস্তীর্ণ চরাঞ্চল এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দাদের সরকারি সেবা নিতে উপজেলা সদরে নদী পারাপারসহ দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয় এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে বেশি ভোগান্তিতে পড়তে হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কচাকাটাকে উপজেলায় উন্নীত করা হলে ভূমি, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে।

এতে বলা হয়, পৃথক উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও সরকারি উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এমতাবস্থায়, কচাকাটা প্রশাসনিক থানার আওতাধীন পাঁচটি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

Share With