কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল বালারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় কচাকাটা থানার একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা ইয়াবাগুলো প্রাথমিকভাবে ভারতীয় বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তঘেঁষা ও দুর্গম চরাঞ্চল হওয়ায় কচাকাটা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।