কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (সাধারণ জ্ঞান)-এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
এই গৌরবময় অর্জনে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সবাই আনন্দিত। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং সবার দোয়া ও সহযোগিতার ফলেই সে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।
জারিফের বাবা-মা বলেন, “এটি আমাদের জীবনের অন্যতম স্মরণীয় ও গর্বের মুহূর্ত। সন্তানের এমন অর্জনে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্য আমাদের চোখে আনন্দের অশ্রু এনে দিয়েছে।”
জারিফের বাবা মোঃ আব্দুল বাতেন আরও জানান, এই অর্জনের পেছনে বর্তমান ও সাবেক শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু নিকেতন রাজারহাটের সম্মানিত শিক্ষকমণ্ডলী, সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাই তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।
প্রতিযোগিতার পর আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর নিকট থেকে পদক গ্রহণ করেন।
এই অর্জন রাজারহাট তথা কুড়িগ্রাম জেলার জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।