কুড়িগ্রামের দুর্গম চরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, আড়াই শতাধিক মানুষ পেলেন সেবা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম নারায়ণপুর চরে আড়াই শতাধিক দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার নারায়ণপুর বাজার সংলগ্ন ব্র্যাক অফিসে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচি। এতে সহযোগিতা করে মরিয়ম চক্ষু হাসপাতাল।

ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, বিনামূল্যে চশমা বিতরণ এবং ছানি রোগীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।

সেবা নিতে আসা আলেকজন ও ফুলমতি জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এই এলাকায় মানুষ সহজে আসতে চান না। ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা থেকে চরাঞ্চলের মানুষ প্রায়ই বঞ্চিত হন। ব্র্যাক এখানে অফিস স্থাপনের পর থেকে দুর্গম এলাকার মানুষের মাঝে নিয়মিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, “৩ থেকে ৪টি নদী পেরিয়ে নারায়ণপুরে পৌঁছাতে হয়। তাই এখানে সেবা দেওয়া কঠিন হলেও ব্র্যাক নিয়মিতভাবে এমন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমুমল হাসান জানান, “যেসব রোগী ছানি সমস্যায় ভুগছেন, তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করে দিতে আমরা সহযোগিতা করে থাকি।”

Share With