কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় সার ডিলার নিয়োগের নেপথ্যে অর্থবাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার কলেজ মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কথা নেতারা ভুলে গেলেও বিএনপির তৃণমূলের কর্মীরা ভুলে যাননি। অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সমাবেশে বক্তারা দাবি করেন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদ প্রমুখ।

Share With