বাংলাদেশি দুই ড্রোন কনটেন্ট ক্রিয়েটরের বিশ্বমঞ্চে ঐতিহাসিক সাফল্য: ডিজেআই গ্লোবালের সঙ্গে কোলাবোরেশন
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিশ্বখ্যাত ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজেআই গ্লোবাল-এর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন দুই ড্রোন কনটেন্ট ক্রিয়েটর নাজমুল হোসাইন (লাবু) ও মোঃ সুমন শেখ (সুমন দ্যা কাইট)।
দেশের প্রাকৃতিক সৌন্দর্য, চরাঞ্চলের জীবন এবং সাধারণ মানুষের দৈনন্দিন বাস্তবতাকে ড্রোনের মাধ্যমে তুলে ধরার কাজ করে আসছেন এই দুই নির্মাতা। দীর্ঘদিনের সৃজনশীল এই যাত্রার ধারাবাহিকতায় তাদের তৈরি একটি ভিডিও সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়ে এবং ডিজেআই গ্লোবালের মার্কেটিং টিম তাদের সঙ্গে যোগাযোগ করে কোলাবোরেশন সম্পন্ন করে।
জানা যায়, নাজমুল হোসাইনের ব্যক্তিগত ফেসবুক ও ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত একটি ভিডিওর পর থেকেই এই আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়। পরে এই দুই নির্মাতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ডিজেআই গ্লোবাল।
নাজমুল হোসাইন (লাবু) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে নদী, চরাঞ্চল ও প্রকৃতির সৌন্দর্য খুব কাছ থেকে ধারণ করে আসছেন। অন্যদিকে, রাজবাড়ীর মোঃ সুমন শেখ (সুমন দ্যা কাইট) ড্রোন কনটেন্ট নির্মাণে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
সম্প্রতি তারা একসাথে কক্সবাজারের মহেশখালীর প্রাকৃতিক পরিবেশে একটি ভিডিও ধারণ করেন, যা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলে।
এই অর্জন সম্পর্কে নাজমুল হোসাইন (লাবু) বলেন, তিনি কখনোই অর্থের জন্য কাজ করেননি, বরং প্রকৃতির প্রতি ভালোবাসাই তার কাজের মূল অনুপ্রেরণা।
সুমন শেখ (সুমন দ্যা কাইট) বলেন, দেশের প্রকৃতি ও বাস্তব জীবনকে ড্রোনের মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টাই তাদের এই অবস্থানে নিয়ে এসেছে বলে তিনি মনে করেন। ডিজেআই গ্লোবালের স্বীকৃতি তাদের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
এই অর্জনকে বাংলাদেশের তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। এটি প্রমাণ করে, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে দেশীয় পর্যায় থেকেই আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেওয়া সম্ভব।
বর্তমানে এই দুই নির্মাতা দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ড্রোন কনটেন্ট তৈরি করছেন এবং বাংলাদেশের প্রকৃতিকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরছেন।