কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবিরের সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর আসনের তিনটি উপজেলার সাথীদের অংশগ্রহণে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) শহরের গাড়িয়ালপাড়া জেলা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর আজিজুর রহমান, জেলা আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, সহকারী জেলা সেক্রেটারি শাহজালাল সবুজ, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান এবং সাবেক জেলা সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল। এছাড়াও জেলা সেক্রেটারিয়েটের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, একজন সাথীকে হতে হবে আদর্শ, নিবেদিতপ্রাণ ও যোগ্য কর্মী। দ্বীনের পথে অটল থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয়; এটি তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলা। এজন্য সাথীদের দ্বীনি জ্ঞান অর্জন, চরিত্র নির্মাণ এবং সমাজে ইসলামী আদর্শ প্রচারে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

Share With