কুড়িগ্রামে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

কুড়িগ্রামে সদ্য এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে কুড়িগ্রাম আলিয়া মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক নবনিযুক্ত শিক্ষককে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। সভাপতিত্ব করেন মাওলানা ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ মিয়া, সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন ও সেক্রেটারি ইমরান বিন সোলায়মান প্রমুখ।

আলোচনা সভায় আব্দুস সবুর খান বলেন, “দীর্ঘদিন অপেক্ষা, সংগ্রাম ও মেধার মাধ্যমে আপনারা আজ শিক্ষকতার মহান আসনে অধিষ্ঠিত হয়েছেন। এখন সমাজের বৈষম্য দূরীকরণ, দুর্নীতি ও অনিয়ম রুখে দেওয়ার পাশাপাশি আদর্শ শিক্ষক হিসেবে গবেষণায় মনোনিবেশ করতে হবে।”

প্রধান অতিথি মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। এই পরিবেশেই আজ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। যারা সত্যিকার অর্থে আদর্শ হতে চান তারাই আর্দশ শিক্ষক ফেডারেশনে যুক্ত হয়েছেন।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকতা পেশাকে সমাজের সর্বশ্রেষ্ঠ ও মহৎ পেশা হিসেবে অভিহিত করে নবনিযুক্ত শিক্ষকদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

Share With