কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নয়ন ফারাজি (২২) ও বাইজিদ সরদার (২০) নামে দুজনকে আসামি করে উলিপুর থানায় মামলা করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুড়িগ্রাম সদর হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই তরুণী বাড়ির পাশের উঠানে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি তাঁকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। তাঁর কথায় ওই বাড়িতে গেলে আগে থেকে সেখানে অবস্থান করা ইকবাল সরদারের ছেলে বাইজিদ সরদার তাঁকে জাপটে ধরেন।
এজাহারে অভিযোগ করা হয়, তরুণী চিৎকার করলে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে বাড়ির একটি শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বাইজিদ। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেন ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে থানায় মামলা করেন তাঁর মা।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ভুক্তভোগী তরুণীর কুড়িগ্রাম সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে তাঁর বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।