কুড়িগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই এলাকায়, কুড়িগ্রাম সদর উপজেলার হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী। তিনি কাঁঠালবাড়ী ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে এবং পেশায় সুপারি ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত আরও দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয় এলাকাবাসী।