কুড়িগ্রামে ট্রেইনি কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শেষ, লিখিত পরীক্ষায় অংশ নেবে ৫১৪ জন

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ নিয়োগ প্রক্রিয়ার শেষ দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছিল পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড়, নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং।

কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম বাছাইপর্বে উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ এবং বহুস্তরের মনিটরিংয়ের মাধ্যমে পরিচালিত হয়।

এ সময় তিনি প্রার্থী ও অভিভাবকদের প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। কেউ প্রলোভন দেখালে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল কুড়িগ্রামে এই নিয়োগ পরীক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। তিন দিনের প্রাথমিক বাছাইয়ে মোট ৩৪১০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রথম দিনে ১৫২২ জন, দ্বিতীয় দিনে ৭৮০ জন এবং তৃতীয় দিনে ৫১৪ জন উত্তীর্ণ হন।

ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) উত্তীর্ণ ৫১৪ জন প্রার্থী আগামী ২৭ এপ্রিল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

Share With