জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রকাশ্য স্থানে তামাকজাত দ্রব্যের ব্যবহার, বিক্রয় ও প্রদর্শন নিয়ন্ত্রণে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়।
অভিযানের সময় প্রকাশ্য স্থানে ধূমপানসহ তামাকজাত দ্রব্যের ব্যবহার ও বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান আইন মেনে চলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান ছাড়া শপিংমল, মেলা, আলোকসজ্জাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নেও অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে মঙ্গলবার কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও নেসকো, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য পুনরায় অনুরোধ করা হয়।