কুড়িগ্রামের নাগেশ্বরীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নাগেশ্বরীর রামখানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ল্যাম্ব হাসপাতাল নাগেশ্বরী শাখার উদ্যোগ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোযার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রধান অতিথি ডা. সুজন সাহা, মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌসি খাতুন, ডি এস আর এইচ আর কেয়ার-এর ডা. সুমাশ্রী রায়, ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ, প্রজেক্ট অফিসার এককা বাদল প্রমুখ।
মেলায় অংশগ্রহণ করেন ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা বউ-শাশুড়িরা। এর মাধ্যমে তাদেরকে জানানো হয় নিজে সচেতন হয়ে কিভাবে মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবার মান বৃদ্ধি করা যায়। সুস্থ থাকতে করাতে হবে জরায়ুর মুখ ও প্যাথলজিক্যাল পরীক্ষা।
এ ছাড়া কিশোরীদের ফিস্টুলা বিষয়ে কাউন্সিলিং অনুষ্ঠিত হয়।
ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ জানান, বউ-শাশুড়ি নামে অভিহিত এ বিশেষ মেলায় মূলত মেয়েদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে বউয়ের প্রতি শাশুড়ি এবং শাশুড়ির প্রতি বউয়ের দায়িত্ব, কর্তব্য কী—এই বার্তা পৌঁছে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মাঝে।