কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তিন দিনে গ্রেফতার ৫১

লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিনে (৭২ ঘণ্টায়) মোট গ্রেপ্তার হয়েছেন ৫১ জন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, আগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য লিটন মিয়া (৩০), কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম (৪২), ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২)।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (৩৭), রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির উদ্দিন (৪০), নাগেশ্বরীর মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম বলেন, তথাকথিত লকডাউনের সুযোগ নিয়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জেলার বিভিন্ন থানায় গত তিন দিনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানায় নজরদারি জোরদার করা হয়েছে।

Share With