ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে ইসি।
ইসির নির্দেশনা অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা—এ ধরনের সকল নির্বাচনী প্রচারসামগ্রী ও প্রচার ক্যাম্প ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
এই নির্দেশনা বাস্তবায়নে কুড়িগ্রামের জেলা প্রশাসক এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে নিজ দায়িত্বে ও নিজ খরচে প্রচারসামগ্রী অপসারণের আহ্বান জানিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘন যেন না ঘটে, সে লক্ষ্যে মাঠ প্রশাসন প্রয়োজনীয় তদারকি করছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে তফসিল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থান থেকে পোস্টার ও ব্যানার অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।