কুড়িগ্রাম জেলা সদরের ধরলা নদীর পূর্বতীরে সরকারি জমিতে প্রস্তাবিত ‘ডিসি পার্ক’ নির্মাণ এবং নামকরণে আইনগত প্রক্রিয়া উপেক্ষার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ (ডিসি) সাত সরকারি কর্মকর্তার নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী জানান, সরকারি জমিতে পার্ক নির্মাণ ও নামকরণে প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে এ নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে যাদের উদ্দেশে বিষয়টি প্রেরণ করা হয়েছে তারা হলেন—কুড়িগ্রাম জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী এবং রংপুর বিভাগীয় কমিশনার।
আইনি নোটিশে বলা হয়, সওজ-এর আওতাধীন প্রায় ৩০ একর সরকারি জমির মধ্যে ১৬ একর এলাকায় ‘ডিসি পার্ক’ নির্মাণ প্রকল্প শুরু হয়েছে। তবে এ প্রকল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও জমি হস্তান্তরের কোনো কার্যক্রম সম্পন্ন হয়নি। এতে প্রকল্পটি আইন ও প্রশাসনিক নিয়ম ভঙ্গের মাধ্যমে বাস্তবায়নের অভিযোগ উঠেছে।
এছাড়া ‘ডিসি পার্ক’ নামে প্রকল্পের নামকরণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে নোটিশে। স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং জনমতকে উপেক্ষা করে এ নামকরণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এতে ‘ক্ষমতার অপব্যবহার’ সংক্রান্ত ইঙ্গিতও এসেছে।
আইনজীবী ইশরাত হাসান বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসককে রাষ্ট্রীয় আইন ও নীতিমালা অনুসরণ করেই পদক্ষেপ নিতে হবে। কোনো সরকারি কর্মচারীর পদবির নামে সরকারি জমিতে পার্ক নির্মাণের কোনো আইনগত ভিত্তি নেই। এ ধরণের পদক্ষেপ স্পষ্টতই প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের শামিল।”
তিনি আরও জানান, প্রকল্পে আইন ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করা হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।
এদিকে পার্কের নামকরণ নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রস্তাবিত পার্কের নাম পরিবর্তন করে ‘ধরলা পার্ক’ কিংবা ‘ধরলা উদ্যান’ রাখার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী।
প্রাপ্ত আবেদনের কপিতে দেখা গেছে, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রায় সাড়ে ৪০০ জন বাসিন্দার স্বাক্ষর রয়েছে। আবেদনপত্র গ্রহণের প্রাপ্তি স্বীকারপত্র স্থানীয় এক প্রতিবেদকের হাতে এসেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজসংলগ্ন পূর্ব তীরে সওজ-এর জমিতে ‘ডিসি পার্ক’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। যদিও প্রকল্পটির উদ্যোগকে সাধারণ জনগণ স্বাগত জানালেও, নামকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
স্থানীয়দের মত, ধরলা নদীর ঐতিহাসিকতা ও কুড়িগ্রামের সাংস্কৃতিক পরিচয়কে বিবেচনায় নিয়ে পার্কের নাম নির্ধারণ করা হলে, তা জেলার ভাবমূর্তি ও পর্যটন উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।