কুড়িগ্রামে প্রান্তিক পণ্য উৎপাদন ও বিপণনকারীদের নিয়ে কর্মশালা

কুড়িগ্রামে প্রান্তিক পর্যায়ের বাঁশ, মাটি ও লোহার তৈরি প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনকারীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকালে স্থানীয় আরডিআরএস হলরুমে এ কর্মশালার আয়োজন করে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)। হেকস/ইপার-এর আর্থিক সহযোগিতায় থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট (থ্রাইভ) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমজেএসকেএসের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের ডেপুটি ম্যানেজার শাহ মোহাম্মদ জোনায়েদ, রাজারহাট উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, কারুপণ্য ফ্যাক্টরি ম্যানেজার মুকুন্দ চক্রবর্তী এবং হেকস-এর পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র অ্যাডভাইজার (লাইভলিহুড) ভূপেশ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী রেজাউল করিম।

দিনব্যাপী এ কর্মশালায় প্রায় ৫৫ জন পণ্য উৎপাদনকারী ও বিক্রেতা অংশ নেন। কর্মশালায় বাঁশ, মাটি ও লোহার তৈরি স্থানীয় পণ্যের বর্তমান ধরণ, উৎপাদন বৃদ্ধির উপায়, বাজারজাতকরণ কৌশল এবং শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে তুলতে বাস্তবসম্মত ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য, জেলার সদর, রাজারহাট, উলিপুর ও ফুলবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ২ হাজার ৫০০ প্রান্তিক ও দলিত পরিবারকে নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে এমজেএসকেএস। প্রকল্পটি সুবিধাভোগীদের টেকসই, লাভজনক এবং জলবায়ু সহিষ্ণু জীবিকায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share With