বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর উদ্যোগে কুড়িগ্রামে ‘ফ্রেন্ডশিপ ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এফডিআইডিপি)-এর অগ্রগতি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম খলিলগঞ্জের জামান ইন হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিগত সময়ের কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান। এফডিআইডিপি প্রকল্পের ম্যানেজার শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহিম আল মোস্তাকুর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুর রশিদ সহ কুড়িগ্রামের সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, টেকসই জীবিকায়নে ফ্রেন্ডশিপের এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করলে এ প্রকল্পের সুফল আরও দ্রুত প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।
প্রকল্পের কর্মকর্তারা জানান, এ প্রকল্পের আওতায় জেলার চরাঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করা হচ্ছে।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।