কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝিপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টহলদল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারকৃত ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করতে সক্ষম হয়।তবে অভিযান চলাকালে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share With