কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের উত্তর বাগুয়ারচর গ্রামে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান আশিক (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান আশিক ওই এলাকার মো. চান মিয়ার ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের খেলার সময় অসাবধানতাবশত আশিক ব্যাডমিন্টন কোর্টের পাশের বিদ্যুৎ সংযোগে স্পর্শ করলে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।