কুড়িগ্রামে ভালোবাসা ও বসন্ত দিবসে উৎসবের আমেজ

আজ বসন্তের প্রথম দিন, একইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর রঙিন আগমন আর ভালোবাসার আবহে কুড়িগ্রাম জুড়ে বইছে উৎসবের হাওয়া। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সরব অনেকেই, তেমনি বাস্তবেও নানা আয়োজনে মেতে উঠেছেন সর্বস্তরের মানুষ।

জেলা শহরের কলেজ মোড় এলাকায় সকাল থেকেই ছিল বাড়তি কোলাহল।

তরুণ-তরুণীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ফুলের দোকানগুলো। প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে কেউ নিচ্ছেন বাহারী গোলাপ, কেউ বা পুষ্পমাল্য। ভালোবাসা বিনিময়ের এই অনুষঙ্গে রঙিন পোশাকে সেজে ওঠেন অনেকেই।
সদর উপজেলার এক শিক্ষার্থী রুমানা পারভীন বলেন, “ভালোবাসা ও বসন্ত বরণের এই দিনে কুড়িগ্রামসহ দেশবাসীকে শুভেচ্ছা।

ফুল ভালোবাসার প্রতীক- দিনটি ভালোবাসায় ভরে উঠুক। ”
অন্যদিকে, উলিপুরের দুর্গাপুর এলাকার চাকরিজীবী চাঁদ মিয়া জানান, “ভালোবাসা দিবসের তাৎপর্য শুধু প্রেমিক-প্রেমিকায় সীমাবদ্ধ নয়। স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান-সব সম্পর্কের ভালোবাসাই এই দিনের সৌন্দর্য। ”

দিনটি উপলক্ষে শহরের বিভিন্ন বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানেও ছিল ভিড়।

বিশেষ করে ধরলা নদীর ওপর অবস্থিত ধরলা সেতু এলাকায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে সেখানে ঘুরে বেড়িয়েছেন, তুলেছেন সেলফি, উপহার দিয়েছেন ফুল।

Share With