কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

কুড়িগ্রাম সরকারি কলেজে মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের পাঁচ দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন মণ্ডল।

প্রশিক্ষণ ক্যাম্পে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৫২ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করছে। এর মধ্যে ২৫১ জন পুরুষ এবং ১০১ জন নারী ক্যাডেট রয়েছেন।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ক্যাডেটদের শৃঙ্খলাবোধ, ড্রিল, ফার্স্ট এইড, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান এবং নেতৃত্ব বিকাশের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনসিসি ক্যাডেটরা শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বিএনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণের সমাপনী দিনে কুচকাওয়াজ প্রদর্শনী ও সমাপনী প্যারেড অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ ক্যাডেটদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। ক্যাডেটদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share With