কুড়িগ্রামে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসি ও ৩ যানবাহনের চালককে জরিমানা

জনস্বার্থে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ঔষধ আইন ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ফার্মেসি ও যানবাহনের চালকদের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে তিনটি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ প্রদর্শন ও বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার ব্যবহার না করার প্রমাণ পাওয়া যায়।

এ কারণে বাংলাদেশ ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়।

এদিকে, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের অভিযোগে তিনটি যানবাহনের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share With