কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযান, দুই দিনে ৪ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং ফার্মেসিতে আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে গত ৩ ও ৪ নভেম্বর কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) শুলকুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফিজিশিয়ান্স স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিকের নির্ধারিত রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পৃথক দুটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থ সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Share With