কুড়িগ্রামে লোকালয়ে হঠাৎ করে বানরের দেখা মিলছে, যা স্থানীয়দের মাঝে কৌতূহলের পাশাপাশি কিছুটা আতঙ্কও সৃষ্টি করেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু এলাকায় গত কয়েকদিন ধরে একটি বানরকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বানরটি বাড়ির চাল আবার কখনো পাশের গাছপালা ও দোকানের ছাউনি বেয়ে চলাচল করে। ব্যস্ত সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এমন দৃশ্য বিরল হওয়ায় অনেক মানুষ থেমে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন।
ধরলা সেতু এলাকার এক চা দোকানি বলেন, আগে কখনো এখানে বানর দেখিনি। হঠাৎ করে কয়েকদিন ধরে আসছে। মানুষ ভিড় করছে, আবার কেউ কেউ ভয়ও পাচ্ছে, পাছে বানরটা আক্রমণ করে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শুনেছি আশপাশের বনাঞ্চল কমে যাওয়ায় বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে। তবে বানরটা যেন কেউ ক্ষতি না করে, সেটাই আমাদের চাওয়া।
এ বিষয়ে পরিবেশ সচেতনরা মনে করছেন, বন উজাড় ও প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণেই বন্যপ্রাণী খাদ্য ও আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে। তারা বানরটিকে বিরক্ত বা ক্ষতি না করে বন বিভাগকে জানানোর আহ্বান জানান।
এদিকে বানরটিকে নিরাপদভাবে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসন ও বনবিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা ।