কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) কুড়িগ্রাম বাজার কালীমন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর কুড়িগ্রাম সদরসহ জেলার নয়টি উপজেলায় প্রায় ৫০০ থেকে ৫২০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বাবু দুলাল চন্দ্র রায়, রামকৃষ্ণ আশ্রমের সেক্রেটারি জেনারেল বাবু উদয় শংকর চক্রবর্তীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব আয়োজনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পূজা উদযাপনকে কেন্দ্র করে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।