কুড়িগ্রামে শিক্ষার মানোন্নয়নে তিন কলেজের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের আমন্ত্রণে এ সভায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কাজী শফিকুর রহমান, মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবেদ হোসেনসহ তিন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী। তিনি বলেন, কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়নে এ তিনটি গুরুত্বপূর্ণ কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কাজী শফিকুর রহমান বলেন, “পরীক্ষার মানদণ্ড যদি সমান হয় তবে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। আমাদের শিক্ষার্থীরা তখন জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান করে নিতে পারবে।”
প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন সভায় উপস্থিত হওয়ায় অন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কুড়িগ্রামের সকল শিক্ষার্থী আমাদের সন্তান। তিনটি কলেজই আমাদের, আমরা সবাই কুড়িগ্রামের উন্নয়নে কাজ করে যাব।”
মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবেদ হোসেন জানান, শিক্ষার্থীদের উন্নয়নে তিনি যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত। এ সময় কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর মোঃ এরশাদুল হক বলেন, এ ধরনের সভা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া সহকারী অধ্যাপক জনাব আব্দুল হালিম ও জনাব রেজাউল করিম শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় তিন কলেজের পক্ষ থেকে কুড়িগ্রামের শিক্ষার মানোন্নয়নে যেকোনো পদক্ষেপ সম্মিলিতভাবে গ্রহণ করার বিষয়ে একমত পোষণ করা হয়।