কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আলোচিত হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে সোচ্চার হয়েছে পরিবেশ ও মানবিক সংগঠন গ্রীন ভয়েস।
নতুন বছরকে স্বাগত জানিয়ে গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানবিক এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তীব্র শীতে যখন নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়েছে, ঠিক সেই সময় মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করে।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ জানান। বক্তারা বলেন, হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সব সামাজিক ও মানবিক কর্মসূচিতে এ দাবিকে জোরালোভাবে তুলে ধরতে হবে।
তারা আরও বলেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবকরা জানান, মানবতা, পরিবেশ সংরক্ষণ ও ন্যায়ের পক্ষে সংগঠনটি শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোসহ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।