কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৩, রংপুর।
জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে মো. নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কুড়িগ্রাম শহরে যাচ্ছিলেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক বেপরোয়াগতিতে এসে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে ১৪ জানুয়ারি কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ অভিযানে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।